কিশোরগঞ্জ সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ” ব্যানারে আজ দুপুর ১২টায় জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে শেষ হয়।
মিছিলকারীরা ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ পাভেল হাসান।
বক্তারা কমিটিকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের করা সিন্ডিকেট কমিটি দাবী করে প্রত্যাখ্যান করেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে শরীফুল আলমের পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবী করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন হঠাৎ করে সেই কমিটি বাতিল করা হয়। এরপর থেকে গত ১১ মাস কমিটি শূন্য থাকার পর দুদিন আগে গত ২ মে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আবু রায়হান
কিশোরগঞ্জ প্রতিনিধি
৪ মে ২০২৬
০১৪০৭৬৮৩৮৭৫






















