রংপুরের তারাগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন হওয়া ইন্টারনেট সংযোগ দীর্ঘ ১৭ দিনেও সচল হয়নি।
উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নদীর পাড় ডাংঙ্গাপাড়া এলাকায় গত ১৮ এপ্রিল (শনিবার) রাতে বয়ে যাওয়া ঝড়ে ওয়াইফাই লাইনের একাধিক খুঁটি ভেঙে পড়লে এই অচলাবস্থার সৃষ্টি হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।
বিপর্যস্ত জনজীবন ও শিক্ষা
ইন্টারনেট সংযোগ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওই এলাকার শিক্ষার্থী ও ফ্রিল্যান্সাররা।
বর্তমান সময়ে পড়াশোনা ও পেশাগত কাজের বড় একটি অংশ ইন্টারনেটের ওপর নির্ভরশীল হওয়ায় স্থবির হয়ে পড়েছে তাদের নিয়মিত কার্যক্রম। সাধারণ ব্যবহারকারীরাও জরুরি যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
উধাও হচ্ছে সরকারি সম্পদ
সরেজমিনে দেখা গেছে, ঝড়ে ভেঙে পড়া খুঁটি ও ছিঁড়ে যাওয়া তার দীর্ঘ ১৭ দিন ধরে বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে-ছিঁটিয়ে পড়ে রয়েছে।
অভিযোগ উঠেছে, সংস্কারে বিলম্ব হওয়ার সুযোগে কিছু অসাধু ব্যক্তি বা স্থানীয়রা কিছু খুঁটি সরিয়ে নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন। এতে ভবিষ্যতে লাইনটি পুনঃস্থাপন প্রক্রিয়া আরও জটিল ও ব্যয়বহুল হয়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, ঝড়ের পরপরই বিষয়টি সংশ্লিষ্ট ওয়াইফাই সরবরাহকারী কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত তারা কোনো মেরামতের উদ্যোগ নেয়নি। ১৭ দিন ধরে সেবা বন্ধ থাকলেও লাইন সংস্কারে কোনো টেকনিশিয়ান বা কর্মকর্তার দেখা মেলেনি।






















