রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ছাদ উড়ে গিয়ে চরম বিপাকে পড়া সেই অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে মো. আয়ুব আলি (৬৫) ও তার স্ত্রী মোছা. আবেদা বেগমের (৫৯) বসতঘরের টিনের ছাদ উড়ে যায়। এতে খোলা আকাশের নিচে পড়ে তারা চরম দুর্ভোগে পড়েন এবং সারা রাত বৃষ্টিতে ভিজেই কাটাতে হয় তাদের।
জানা যায়, আয়ুব আলির কোনো আবাদি জমি নেই। মাত্র দুই শতক জমির ওপর নির্মিত একটি ছোট ঘরই ছিল তাদের একমাত্র আশ্রয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ছেলে আদম আলি তিন বছর আগে ঢাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। এরপর থেকেই পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ায় বর্তমানে উপার্জনের মতো কেউ নেই তাদের সংসারে।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন নিউজ ৯৯সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের নজরে আসেল তিনি ওই অসহায় দম্পতিকে ডেকে পাঠান। পরে মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।






















