পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে ৩২ পুরিয়া হেরোইন ও নগদ টাকাসহ ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. জাফর শিকদার পটুয়াখালী সদরের পশ্চিম আউলিয়াপুর গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কলেজ রোডে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে ধরা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩২ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১১ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাফর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট ছিল।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ বলেছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।






















