পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের বাসিন্দা এবং মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে ১৪ হাজার টাকা বিকাশ করার জন্য যায় ওই যুবক। দোকান মালিক মনিরুল টাকা পরীক্ষা করে সেগুলো জাল বলে সন্দেহ করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে। তবে এ সময় জাল নোট চক্রের আরেক সদস্য ও মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিয়াম আবদুল্লাহ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। 





















