কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হামিম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবারসহ তারা খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। হামিম কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে হামিম উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে যায়। এ সময় কয়েকজন শিশু পানিতে নামলেও একপর্যায়ে সবাই উঠে আসে। পরে হামিমকে দেখতে না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানানো হলে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি চালান। একপর্যায়ে হামিমকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কটিয়াদীতে পুকুরে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ
- আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- 52
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















