পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে শান্ত পরিবেশ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ স্মারকলিপি জমা দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আরিফুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে লিখিত দাবি পেশ করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা পরীক্ষার সময়ও সমস্যা তৈরি করতে পারে।
তারা আরও বলেন, পরীক্ষাকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে শিক্ষার্থীরা মানসিকভাবে চাপের মুখে পড়বে এবং এর প্রভাব তাদের ফলাফলেও পড়তে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া স্মারকলিপিতে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখা, জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ বিভাগের টিম প্রস্তুত রাখা এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানো।
শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।
এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে বাউফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও শান্ত পরিবেশের দাবি
-
মোঃ আব্দুল্লাহ আল লিখন পটুয়াখালী বাউফল উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- 81
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















