জামালপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের চার রাস্তা মোড়ে নিরাপদ সড়ক আন্দোলন জামালপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন একজন নির্ভীক সংগঠক ও সমাজকর্মী। তাঁর হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে সামাজিক আন্দোলন ও ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি হবে। অবিলম্বে তদন্ত কার্যক্রম জোরদার করে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শাকিল হোসেন






















