বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুর্গাপুর ইউনিয়নে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বেগম খালেদা জিয়ার সাহসী ও আপোষহীন নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আধিপত্যবাদবিরোধী লড়াই এবং ভোটাধিকার রক্ষার সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এসব অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জাকির হোসেন জাকির, আবুল খায়ের ভূঁইয়া, আবু ইউসুফ মুন্সীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















