চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। এ সময় মাদকমুক্ত পরিবার, সমাজ ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমাবেশ ও র্যালি আয়োজনে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
আয়োজক ও স্বেচ্ছাসেবীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
মাদকবিরোধী এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে শাহমাহমুদপুর ইউনিয়নসহ পুরো চাঁদপুরকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
চাঁদপুর সদর প্রতিনিধি মো আতিক হাসান তালুকদার 



















