মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া-মাগুরছড়া সংলগ্ন রেলপথে ট্রেনে কাটা পড়ে রমজান আলী রিদয় নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী রিদয় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ফইতুরা গ্রামের কবির মিয়ার ছেলে। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন হওয়া একটি পা ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন খবর দিলে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মরদেহটি শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবার সূত্রে জানা গেছে রমজান আলী রিদয় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। গত বুধবার (১৪ মে) তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
খবর পেয়ে পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল নিহতের পরিবারের সদস্যদের ও স্থানীয় দের নিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানায় যান এবং সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, নিহত রিদয় মিয়ার একটি ৫ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের দাবি, রেলপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের প্রতি পরিবারের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু পরিবারে শোকের মাতম
-
আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















