নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধান দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বুধবারের গণশুনানির পর অপেক্ষমাণ তিন অসহায় নারীকে আজ বৃহস্পতিবার (১৪ মে) ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ১৩ মে বুধবার অফিস সময়ের শেষে পটুয়াখালী মাটিভাঙ্গা গ্রামের বিধবা রানী বালা, ইটবাড়িয়ার আলেয়া বেগম এবং শারিকখালীর বিথী আক্তার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কার্যালয় থেকে বের হওয়ার পথে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী তাদের অপেক্ষমাণ দেখে নিজেই এগিয়ে যান এবং পরম মমতায় তাদের সমস্যার কথা শোনেন।
সাক্ষাৎকালে তারা নিজেদের চরম আর্থিক দুরবস্থার কথা তুলে ধরে মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি বসতঘর নির্মাণের জন্য সহায়তা চান। তাদের জীবন সংগ্রামের কথা শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যেই আজ ১৪ মে অসহায় পরিবারগুলোর হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিন নারী। তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, একটি মানবিক জেলা প্রশাসন গঠনের প্রত্যয়ে সাধারণ মানুষের প্রতিটি যৌক্তিক দাবি ও সমস্যা সমাধানে প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি বুধবার আয়োজিত এই গণশুনানি জেলার সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে।






















