চট্টগ্রামের সন্দ্বীপে জাটকা আহরণ বন্ধে সচেতনতা ও খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির আওতায় ২২০ জন জেলের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
সন্দ্বীপ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্ল্যাহ আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে প্রত্যেক জেলেকে প্রায় ৪০ কেজি করে চাল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বিকল্প সহায়তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় আবদুল্ল্যাহ আল মামুন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকা আহরণ থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, জেলেদের কল্যাণে সরকারের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসকের সহায়তা কমিটির সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, পৌর নির্বাহী কর্মকর্তা কৌশিক বরুয়া, প্রকৌশলী এস এম রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এমন কার্যক্রম জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















