ফটিকছড়ির উত্তরাঞ্চলে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদীসংলগ্ন বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে হালদা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী, জব্দ করা বালুর পরিমাণ প্রায় ২০ হাজার ঘনফুট।
পরে জব্দ করা বালু ‘ফ্লাশিং আউট’ করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, হালদা নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম) আব্দুল্লাহ আল বোরহান :- 



















