পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসমাইল শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিজ বসতঘরের রান্নাঘর থেকে একটি রক্তমাখা দেশীয় কুড়াল উদ্ধার করেছে পুলিশ ও র্যাব।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য ও ঘটনার বর্ণনা দেওয়ার পর গ্রেপ্তার নিহতের ছেলেকে সঙ্গে নিয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।
আসামির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বসতঘরের রান্নাঘরে রাখা অবস্থায় একটি কুড়াল পাওয়া যায়। কুড়ালটিতে রক্তের দাগ রয়েছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্ধার করা অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, তা নিশ্চিত হতে এটি পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে ইসমাইল শরীফের মরদেহ হরিনপালা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের পাশ থেকে উদ্ধার করা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং দুই হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া কুড়াল, স্বীকারোক্তিতে দেওয়া তথ্য এবং অন্যান্য আলামত যাচাই করে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মোঃ সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















