গাজীপুরের কালীগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি গাজীপুর জেলা কমিটির সভাপতি এম এম শোয়াইব এর সভাপতিত্ত্বে সরকারের মাদকবিরোধী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যিনি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন?”
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, মাদকের বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি। জনগণ দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজের প্রত্যাশা করলেও কার্যকর উদ্যোগের অভাবে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এখনো উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে শুধু প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান উদ্যোগ ও বাস্তব ফলাফল প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ থেকে আজ শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, সংগঠক আলী নাসের খান, দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ‘জুলাই পদযাত্রা’র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার। 



















