নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক নিরাপত্তা এবং জীবনমানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমুদ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন। দুপুরে শ্রীমঙ্গলে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আবাসন নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষা বিস্তারে শিক্ষাবৃত্তি প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগে চা শ্রমিকদের মাঝে নতুন আশার সঞ্চার হয় এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার সাহস জোগায়।
বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি নারী। নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও স্বাবলম্বী ও মর্যাদাবান করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুধু একটি সহায়তা কার্যক্রম নয়; এটি নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ।
অনুষ্ঠানের একপর্যায়ে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আম ও নিমগাছের দুটি স্মারক চারা রোপণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ কর্মসূচিতে অংশ নিতে ভিড় জমায়। বিশেষ করে উপকারভোগী নারীদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও প্রত্যাশার অনন্য সমাবেশ।
সংশ্লিষ্টদের মতে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে চা শ্রমিকদের আবাসন সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
মোঃ জুনাইদ মিয়া দৈনিক বাংলার সংবাদ প্রতিনিধি মৌলভীবাজার (সদর) 



















