রাসেল তালুকদার ‘প্রেমা’ নামের এক তৃতীয় লিঙ্গের মানুষ ঝরে পড়া পথশিশুদের নিয়ে ‘স্বপ্নজয়ী’ নামে একটি পাঠশালা প্রতিষ্ঠা করে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষ আজ সভ্যতার উন্নত শিখরে আরোহণ করলেও সমাজের অনেকেই এখনও তৃতীয় লিঙ্গের মানুষকে সমান মর্যাদা দিতে চায় না। যেখানে এই জনগোষ্ঠীর অনেককে পেটের দায়ে বিভিন্ন অপ্রীতিকর কাজে লিপ্ত হতে দেখা যায়, সেখানে রাসেল তালুকদার প্রেমা স্কুল ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন।
বুধবার (৮ জুলাই) মধুপুর প্রতিনিধি আফাজ উদ্দিন সুমন সরেজমিনে প্রেমার উক্ত পাঠশালাটি পরিদর্শন করেন। মধুপুর পৌরসভার চাড়ালজানী ও টেকিপাড়া এলাকার প্রত্যন্ত অঞ্চলে ‘স্বপ্নজয়ী পাঠশালা’ নামে তাঁর বিদ্যালয়টির কার্যক্রম ধীরগতিতে এগিয়ে চলছে। শিক্ষিকা মোছাঃ শিরিন আক্তারের বিশেষ তত্ত্বাবধানে মনমুগ্ধকর পরিবেশে শিশুরা সেখানে পাঠগ্রহণ করছে।
শিক্ষিকা শিরীন আক্তার বলেন, “অত্র প্রতিষ্ঠানে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হচ্ছে। সরকার এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য পেলে আমরা আগামী বছর ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু করতে চাই।”
নিরব নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্র বলে, “আমি ঝরে পড়া শিক্ষার্থী, আমার কোনো অভিভাবক নেই। এলাকায় ঘুরে বেড়াতাম, ঠিকমতো খেতে পেতাম না। প্রেমা আপা আমাকে ডেকে এনে স্কুলে ভর্তি করিয়ে দেন। আমার খাতা, কলম এবং স্কুলের পোশাক পর্যন্ত তিনি নিজ দায়িত্বে দিয়েছেন। রাসেল তালুকদার প্রেমা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চৈথট্র গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের পঞ্চম সন্তান তিনি। হিজড়া বা তৃতীয় লিঙ্গের হওয়ায় একসময় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। চরম প্রতিকূলতার মাঝেও তিনি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে অষ্টম শ্রেণী এবং পাকুটিয়া আশ্রম স্কুল থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন।একান্ত সাক্ষাৎকারে প্রেমা বলেন, “আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, সমাজ আমাদের ঘৃণা করে। আমরা সমাজকে কিছু উপহার দিতে পারি না বলে পেটের দায়ে মানুষের কাছে হাত পাততে হয়। অন্য কোনো কাজ করতে না পেরে বাধ্য হয়েই আমাদের এই পথ বেছে নিতে হয়। আজ আমাদের যে অবস্থা, এর জন্য দায়ী কে? আমরা তো নিজেরা নিজেদের এমন করিনি, এটা সৃষ্টিকর্তার বিধান। গত ১২ই জানুয়ারি ২০২২ তারিখে আমরা তিন বন্ধু—প্রেমা, প্রীতি ও শিল্পী উদ্যোগ নিলাম যে, আমরা তো মানুষের কাছে অবহেলিত, দেখি সমাজ ও মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি কি না। সেই উদ্যোগেরই ফসল এই ‘স্বপ্নজয়ী পাঠশালা’।”
স্বপ্নজয়ী পাঠশালা প্রতিষ্ঠা করলেন তৃতীয় লিঙ্গের রাসেল তালুকদার প্রেমা আফাজ উদ্দিন সুমন,
-
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: - আপডেট সময় : ০৬:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 63
জনপ্রিয় সংবাদ




















