খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামে এক মাংস বিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শিকার করা ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসানকে আটক করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক মেহেদী হাসান এবং জব্দ করা হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুন্দরবনের হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বন বিভাগের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















