সীতাকুণ্ডে মসজিদ থেকে বাঁশখালীর ইমাম মাওলানা আমির হোসাইনের মরদেহ উদ্ধার
১৩ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন; মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ, এলাকায় শোকের ছায়া
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে দীর্ঘ ১৩ বছর ধরে দায়িত্ব পালন করে আসা ইমাম মাওলানা মোহাম্মদ আমির হোসেন (৪০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে মসজিদে দেখা না গেলে প্রথমে ধারণা করা হয়, তিনি ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। পরে দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্থানীয়রা তার কক্ষে গিয়ে মরদেহ দেখতে পান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
তিনি আরও জানান, ইমামের ব্যবহৃত কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে পারিবারিক কলহের বিষয় উল্লেখ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের ভাষ্য, মাওলানা আমির হোসেন অত্যন্ত নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। দীর্ঘ ১৩ বছর ইমাম হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোঃ ফখরুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) 



















