সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে মিয়ার বাজার কাঁচাবাজার সড়ক
প্রাণকেন্দ্রের সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবিতে সোচ্চার এলাকাবাসী
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জলদী মিয়ার বাজার কাঁচাবাজার সড়ক এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ এই সড়কটি কাদার সাগরে রূপ নেয়, ফলে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ, ভাঙাচোরা অংশ এবং জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান থাকলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।
স্থানীয়রা জানান, এই সড়কের বেহাল অবস্থার কারণে অতীতেও ঘটেছে হৃদয়বিদারক দুর্ঘটনা। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মিয়ার বাজারের পূর্বগলির কাঁচাবাজার সড়কে পা পিছলে পড়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন উত্তর জলদী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সবজি ব্যবসায়ী মনছুরের ছেলে মোহাম্মদ রিয়াদ (২২)। দোকান থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত পিছলে পড়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে প্রাণ হারান। ওই দুর্ঘটনার স্মৃতি এখনও স্থানীয়দের মনে গভীর বেদনার জন্ম দেয়।
ব্যবসায়ীরা জানান, জলদী মিয়ার বাজারের অন্যতম ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়। অথচ রাস্তার করুণ অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাদা ও জলাবদ্ধতার কারণে অনেক ক্রেতাই বাজারে আসতে নিরুৎসাহিত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, “এটি পৌরসভার প্রাণকেন্দ্রের সড়ক। অথচ সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে যায়। নারী, শিশু ও বয়স্কদের চলাচল সবচেয়ে বেশি কষ্টকর হয়ে পড়ে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলতে হয়।”
সচেতন মহল মনে করছে, একটি পৌরসভার গুরুত্বপূর্ণ বাজার সড়কের এমন বেহাল চিত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে সড়কটি টেকসইভাবে সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “মিয়ার বাজার কাঁচাবাজার সড়ক দ্রুত সংস্কার করে নিরাপদ ও চলাচল উপযোগী করা হোক। জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।”
মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী: 



















