চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়ক বাস্তবায়নে বাধা এবং সরকারি জমিতে স্থাপিত রেড ফ্ল্যাগ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে রাঙ্গুনিয়া থানায় জিডি নং-৯৫৫ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত ২৩ জুন ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য থানায় নির্দেশনা পাঠানো হয়। তবে অভিযোগের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং সরকারি জমির সীমানা নির্ধারণে ব্যবহৃত রেড ফ্ল্যাগ উপড়ে ফেলার মতো ঘটনায় যথাসময়ে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে পরবর্তীতে সরকারি অর্থে নির্মিত রাস্তা কেটে ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনা ঘটত না।
অভিযোগ রয়েছে, গত ২১ মে ২০২৬ তারিখে সরকারি জমির ওপর দিয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়কটি কেটে নষ্ট করা হয়। এর আগে রাস্তার কাজ চলাকালে বাধা দেওয়ার অভিযোগে ৩-৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল বলে দাবি এলাকাবাসীর। কিন্তু একই দিন রাতে পুনরায় রাস্তা কেটে ক্ষতিগ্রস্ত করা হয়।
এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, কমিউনিটি ক্লিনিকটি চালু হলে হোসনাবাদ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। কিন্তু সংযোগ সড়ক নিয়ে বিরোধ ও বারবার বাধার কারণে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনস্বার্থে বাস্তবায়িত কাজে বাধা প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
ভুক্তভোগীরা বলেন, সরকারি অর্থে বাস্তবায়নাধীন জনকল্যাণমূলক প্রকল্প রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি সমাজের সবার দায়িত্ব। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়কের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে জনস্বার্থ ও মানবাধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
রাঙ্গুনিয়া ( প্রতিনিধি: ওমর ফারুক 



















