টাঙ্গাইলের সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই সহোদর ভাইকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন— একই এলাকার সালাম সিকদারের ছেলে সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০)।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, অভিযানের সময় দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আলামত জব্দ করে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















