ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
এর আগে, গত ৬ জুলাই দৈনিক বাংলার সংবাদ পত্রিকায় “শয্যা নেই, মেঝেতেই চিকিৎসা—রাণীশংকৈল হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, শয্যা সংকট এবং অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হওয়ার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছিল।
সংবাদ প্রকাশের তিন দিনের মাথায়, ৯ জুলাই, স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক আদেশে দেশের ৪৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও অন্তর্ভুক্ত রয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে বিদ্যমান ৪৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ এবং জনবল সৃজনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ খবরে রাণীশংকৈলবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হতো। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অবকাঠামো সম্প্রসারণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
তবে সংশ্লিষ্টদের মতে, কেবল শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না; পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা গেলে তবেই এই উন্নীতকরণের পূর্ণ সুফল রাণীশংকৈলবাসী ভোগ করতে পারবেন।
মোঃ আকতারুল ইসলাম আক্তার স্টাফ রিপোর্টার 



















