মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে আবারও বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির লোকজন হঠাৎ ঘরের ভেতরে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে নাহিদ নামে এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটি শনাক্ত করে দেখতে পান, এটি বিষধর শঙ্খিনী বা শাঁখামুটি সাপ।
পরবর্তীতে অভিজ্ঞতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শঙ্খিনী সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, এর আগেও শ্রীমঙ্গলের বিভিন্ন আবাসিক এলাকা ও বসতবাড়ি থেকে একাধিক শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। বর্ষাকালসহ বিভিন্ন সময়ে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ লোকালয়ে ঢুকে পড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি, 



















