শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৬ আগস্ট ২০২৬ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ওষুধের চালান ফেলে পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি সদস্যরা ওই ওষুধগুলো জব্দ করেন।
জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, শেরপুরসহ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মোঃ মোক্তার হোসাইন মুক্তা স্টাফ রিপোটার 



















