বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের ট্রান্সফরমার চুরির সময় বাধা দেওয়ায় রাইস মিল মালিক মোহাম্মদ আলী সরকার (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র তিন দিনের মাথায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পুটখোর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৩) এবং একই ইউনিয়নের কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে মো. আব্দুল আলিম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার শেষে ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন নিজস্ব রাইস মিলে পাহারার উদ্দেশ্যে যান। ৬ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল মিলের ট্রান্সফরমার চুরি করতে সেখানে প্রবেশ করে।
এ সময় মোহাম্মদ আলী সরকার তাদের বাধা দিলে ডাকাতরা তাকে হাত-পা বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলায় পরিচয় গোপন রাখতে তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পুলিশ প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এম. আজাদ খাঁন স্টাফ রিপোর্টার: 



















