বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের রমেন্দ্রনাথ মণ্ডলের ছেলে জয় কুমার (১৯) এবং তার চাচাতো ভাই প্রদেশ মণ্ডলের ছেলে বিশাল কুমার (১৮) আর্জেন্টিনা দলের সমর্থক। অপরদিকে একই গ্রামের তাপসের ছেলে শ্রী তন্ময় (২২) ও শ্রী স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল দলের সমর্থক।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপ ফুটবল নিয়ে উভয় পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ৬ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী জয় কুমার ও বিশাল কুমার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জয় কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করে বলেন, “আমার ছেলে ও ভাতিজা আর্জেন্টিনা দলের সমর্থক। ফেসবুকে বিশ্বকাপ খেলা নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোবাইল ফোনে ডেকে নিয়ে তাদের মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে।”
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল আহম্মেদ | মোকামতলা (বগুড়া): 



















