বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার একটি সেতুর পাশে ‘সাইমন স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ৬ দশমিক ২৫ লিটার চোলাই মদসহ থোয়াইং অং ছিং মার্মা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি হেডম্যানপাড়া এলাকার সাহ্লা অং মার্মার ছেলে।
এরপর রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী গ্রামের জাফরের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সাতটি ইয়াবা বড়িসহ মো. মিজান (২০) ও ইমরান হোসেন (২১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। মিজান উত্তর দরদরী নয়াপাড়া এলাকার মো. কবিরের ছেলে এবং ইমরান একই এলাকার নবী মিয়ার ছেলে।
লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। লামা থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাইকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, চোলাই মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩; আটক পরোয়ানাভুক্ত ১
-
তোফাজ্জল হোসাইন, বান্দরবান প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 49
জনপ্রিয় সংবাদ




















