লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা এলাকার মমিন মেম্বারের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চরমনসা এলাকার কাজল মিয়া বাড়ির মো. কাজলের ছেলে মো. হারুন এবং বিনোদধর্মপুর গ্রামের ছকিদার বাড়ির আলতাফ হোসেনের ছেলে আকরাম হোসেন।
স্থানীয় সূত্র জানায়, শহরকসবা এলাকা থেকে ইয়াবা কিনে ফেরার সময় সন্দেহজনক চলাফেরা দেখে এলাকাবাসী ওই দুই যুবককে আটক করেন। পরে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা উদ্ধার করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন বলেন, “ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী দুই যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, স্থানীয়ভাবে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
লক্ষ্মীপুরে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের হাতে ৯ পিস ইয়াবাসহ আটক ২, পরে পুলিশের কাছে সোপর্দ
-
মোহাম্মদ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা) - আপডেট সময় : ০৯:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















