বাগেরহাটের রামপাল উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রী ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। হামলায় আহত বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা মো. মফিজুল হাওলাদার রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিংহড়বুনিয়া–পুটিমারী এলাকার শুভর গ্যারেজসংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে। ওই সময় মফিজুল হাওলাদার নিজের ভ্যানে করে মেয়ে চাঁদনী (১৪) ও তার এক সহপাঠীকে পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন তাদের ভ্যানের গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন দশম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী জানায়, প্রথমে তাকে মারধর করা হয়। পরে তার বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তারা দুজনই আহত হন।
পরিবারের দাবি, হামলায় চাঁদনীর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তার বাবার মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
থানায় দায়ের করা অভিযোগে মাসুদ হাওলাদার (৫০), মারুফ হোসেন (২৩) ও নাঈম (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 



















