পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। পরে উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল থানা প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী, রামপাল থানার ওসি (তদন্ত), রামপাল প্রেসক্লাবের মো. শাহাজালাল গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা রামপালের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: 



















