যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রাতের আঁধারে একটি গভীর নলকূপের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় চাষিরা। ঘটনার পর ভুক্তভোগী কৃষক ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া মাঠে মৃত হাজের মোড়লের ছেলে মোক্তার আলী (৬২)-এর মালিকানাধীন একটি গভীর নলকূপ রয়েছে। নলকূপটিতে তাঁর নিজস্ব অর্থায়নে কেনা ১০ কেভিএ (kVA) ক্ষমতাসম্পন্ন তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করা ছিল।
ভুক্তভোগী মোক্তার আলী জানান, গত ১১ জুলাই রাত প্রায় ৯টার দিকে তিনি নলকূপের ট্রান্সফরমারগুলো দেখে বাড়িতে ফিরে যান। পরদিন ১২ জুলাই সকাল ৯টার দিকে মাঠে গিয়ে দেখেন, বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, ট্রান্সফরমার দুটি চুরি হওয়ায় গভীর নলকূপটি কার্যত অচল হয়ে পড়েছে। ফলে চলতি মৌসুমে আবাদি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় কৃষকরাও জানান, দ্রুত ট্রান্সফরমার উদ্ধার বা নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা না হলে এলাকার কৃষকরা সেচ সংকটে পড়বেন এবং চলতি মৌসুমের ফসল উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ ঘটনায় আইনগত প্রতিকার এবং চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় এলাকাবাসী।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















