চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ নং স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন ডিসি সড়কের মেইন রোডের পাশে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত এ স্বাস্থ্যকেন্দ্রে মেইন রোড থেকে প্রবেশের পথ রয়েছে। তবে অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার ওই প্রবেশপথের পাশে অবৈধভাবে বালির মহাল স্থাপন করা হয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বালির মহালটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থানীয় ইউপি সদস্যদের একাধিকবার বলা হয়েছে। এ বিষয়ে অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু এখনো বালির মহালটি সরানো হয়নি। ফলে স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা বর্তমানে বেহাল। কেন্দ্রটির সংস্কার ও প্রয়োজনীয় কাজ করার জন্য আবেদন করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন ভালো এমবিবিএস চিকিৎসক নেই। একজন এমবিবিএস চিকিৎসকের ব্যবস্থা করা হলে এখানকার চিকিৎসাসেবা আরও উন্নত হবে।”
স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থা, সংস্কার কার্যক্রম এবং প্রবেশপথে বালির মহাল স্থাপনের বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসক নিয়োগের পাশাপাশি সেবা কার্যক্রম জোরদার করা হোক। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশপথে থাকা বালির মহালটি সরিয়ে রোগী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়তের ব্যবস্থা করার দাবি জানান তারা।
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 



















