নওগাঁর ধামইরহাট উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. তাকমিম হোসেন (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নওগাঁ জেলা পুলিশ সুপারের তাৎক্ষণিক নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তাকমিম হোসেনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ইসতিয়াক আহম্মেদ ইমন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি 



















