যশোরে মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২২) নামের এক ইজিবাইক/ইঞ্জিনচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তাঁর অর্ধপচা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহাসিন চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।স্বজনদের তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার আগে শয়লা বাজারে তাঁর বড় ভাই মিলন মোল্যার সঙ্গে তাঁর শেষ দেখা হয়। তখন তিনি ‘বড় ভাড়া’ পাওয়ার কথা জানিয়ে চলে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান না পাওয়ায় বুধবার মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সকালে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়।নিহতের পরিবারের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তাঁর ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরবর্তীতে মরদেহটি ভেসে এসে একটি বাঁশঝাড়ে আটকে যায়।মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বাঁওড় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ফুলে যাওয়ার কারণে প্রাথমিকভাবে গায়ে আঘাতের স্পষ্ট চিহ্ন বোঝা যায়নি। ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোর মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০১:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















