সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে যশোরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুলাই সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, যশোর।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। সভাপতিত্ব করেন যশোরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই-বাছাই করতে হবে। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা হলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে।তিনি বলেন, যদি কোনো ভুয়া বা বিভ্রান্তিকর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি উপেক্ষা না করে যথাযথভাবে মন্তব্যের মাধ্যমে তা ভুয়া বা বিভ্রান্তিকর বলে চিহ্নিত করা উচিত। এতে অন্য ব্যবহারকারীরাও সঠিক তথ্য সম্পর্কে সচেতন হবেন এবং গুজবের বিস্তার কমবে।ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ধর্মকে পুঁজি করে কোনো ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য প্রচার করা যাবে না। এ ধরনের অপপ্রচার সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।জ্বালানি খাতের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে গ্যাস নিয়ে নানা ধরনের আলোচনা ও গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এ ধরনের বিষয়েও যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গ্যাস সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করার পরামর্শ দেন তিনি।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহারের ফলে গুজব, অপতথ্য ও বিদ্বেষমূলক প্রচারণা দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
যশোর গুজব ও অপপ্রচার রুখে দিতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৯:২৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ




















