যশোরে বেনাপোল পৌর এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের দলীয় ঘোষণার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী পৌর গেট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, বৃক্ষ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অপরিহার্য ভূমিকা পালন করে। তাই চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যশোরে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















