গত সোমবার বাঘারপাড়ায় প্রকাশ্যে যুবদল নেতা রুবেলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বিপুল কুমার ঘোষের (৩৫) রক্তাক্ত মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার সকাল ১০টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বিপুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর তাকে পাশের একটি শ্মশানে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এ সময় তার কাছে চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের পেছনে স্থানীয় প্রভাবশালী একটি রাজনৈতিক পক্ষের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। ঘটনার রাতে ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বিপুলের বাড়িতে গিয়ে পরিবারকে আশ্বস্ত করেন। তবে পরদিন সকালে তারা জানতে পারেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে বিপুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা আড়াল করারও চেষ্টা করা হচ্ছে বলে তাদের দাবি।স্থানীয় একাধিক সূত্রের দাবি, ঘটনাটি ঘিরে একটি রাজনৈতিক দলের একটি পক্ষ অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং চাঁদা দাবির ঘটনার সঙ্গে তাদের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। অপরদিকে, একই দলের আরেকটি পক্ষ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। এ ছাড়া বিরোধী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার ভিডিও প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এই দুইপক্ষের দাবি, বিপুলের পরিবারকে জড়িত থাকা পক্ষটি মামলায় না যেতে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে যুবদল নেতা বিপুল কুমার ঘোষের মৃত্যুকে ঘিরে যশোরজুড়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আইনী সহায়তা চাইলে অবশ্যই পুলিশ তাদের পাশে থাকবে।
নজরুল ইসলাম যশোর
তারিখ ১৮/০৭/২০২৬
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: 



















