গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অনুমোদনহীন ভাবে নকল প্রাণী খাদ্য উৎপাদন করে আসছে ‘সরকার এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান। এমন খবরের ভিত্তিতে রবিবার ২৬ জুলাই ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত সরকার এগ্রো নামের ওই প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীন প্রাণী খাদ্য উৎপাদন করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করা, বিদেশ থেকে আমদানি করে পন্য বাজারজাত করার ভুয়া প্রচারনা চালিয়ে মাছ ও পশু ব্যবসায়ীদের নিকট বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ওই প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় তাকে ফোন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তখন সরকার এগ্রোর মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে “ঠান্ডা খেয়ে চলে যেতে” বলেন। অভিযানের সময় মৎস্য অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তারা কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই নকল প্রাণী খাদ্য উৎপাদন ও ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বাজারজাত করছিল। মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















