নেত্রকোণার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মুন্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার পর দীর্ঘ ১১ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ল সে।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে নেত্রকোণা শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল। গ্রেপ্তারকৃত মুন্না মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের রানা হিজল গ্রামের শহিদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ জুন রাত আনুমানিক ১০টার দিকে শিশুটি প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিবেশী মুন্না তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত রান্নাঘরে হাত-পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ভয় ও আতঙ্কে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরদিন শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ শুরু হলে সে তার ফুফুকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা অভিযুক্তের পরিবারের কাছে বিচার চাইতে গেলে তারা ঘটনাটি অস্বীকার করে এবং উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখায়। নিরুপায় হয়ে ওই রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই মুন্না এলাকা ছেড়ে পালিয়ে যায়। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান:
“আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তের কাজ চলছে। এই ঘটনার সাথে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ১১ দিন পর র্যাবের জালে প্রধান আসামি মুন্না
-
মোঃ নাঈম হোসেন মোহনগঞ্জ (নেত্রকোণা )প্রতিনিধি - আপডেট সময় : ০৪:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















