মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে লৌহজং থানার এসআই (নিঃ) শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. মুন খান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার মুন খান শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) এলাকার মৃত দিপু খানের ছেলে। তাঁর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে এ অভিযান পরিচালনা করা হবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















