ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. শফিকুল ইসলাম (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে মাওয়ামুখী লেনে ধলেশ্বরী টোল প্লাজার অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও (আল-আমিন বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি মো. ইউনুস মোল্লা ও রুমিয়া বেগমের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঢাকার একটি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাতায়াতের জন্য তিনি নিয়মিত মোটরসাইকেল ব্যবহার করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১০টা ১০ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরো জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী অংশে টোল দেওয়ার পূর্বে ‘ইলিশ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসের যাত্রী অমিত হাসান আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ জেলা 



















