প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী ২৩ নং বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভালো ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ১৯ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পেয়ে বিদ্যালয় ও পরিবারের জন্য বয়ে এনেছে গৌরব।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই বছর বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ১৩ জন টেলেন্টপুলে এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে।
তাদের মধ্যে আয়েশা আতকিয়া আদিলা ‘ট্যালেন্টপুল’ গ্রেডে বৃত্তি লাভ করে মেধার স্বাক্ষর রেখেছে। সে বড় হয়ে একজন মানবিক ডাক্তার হতে চায়। আয়েশার একমাত্র বড় ভাই মুহাম্মদ আহনাফ আব্দুল্লাহ এই বিদ্যালয় থেকেই ২০১৯ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। আহনাফ রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
তাদের পিতা মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান এবং মাতা সৈয়দা শাকিলা শারমিন।
সন্তানের সাফল্যে মাতাপিতা,শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ বইছে। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ফলেই এমন সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন তার মাতাপিতা। কোমলমতি শিক্ষার্থীদের এই অর্জনে বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেল।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কঠোর পরিশ্রম এবং পাঠ্যবইয়ের প্রতি গভীর মনোযোগী হওয়ার ফলেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও তারা যেন এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য সবার দোয়া চেয়েছেন তারা। এই সাফল্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবকগণ শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করেছেন।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 



















