গাজীপুরের এমসি বাজার এলাকায় শনিবার (২৬ জুলাই ২০২৬) বেলা ১২টায় নিজ বাসভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য-আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকার।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের যুবক সজীব মিয়া আহত হওয়ার ঘটনায় তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশে প্রভাবিত করেছে।
শরীফুল ইসলাম সরকার দাবি করেন, সজীব মিয়াকে মারধরের ঘটনায় তিনি বা তার কোনো সহযোগী জড়িত নন। এ ধরনের অভিযোগ তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি দায়িত্বশীল গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা উচিত। একই সঙ্গে তিনি মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তার বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আরও দাবি করেন, বিভিন্ন সূত্রে তিনি জেনেছেন যে সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার ভাষ্য অনুযায়ী, ওই মামলার আসামি হিসেবে প্রকাশ্যে চলাফেরা করার সময় উত্তেজিত জনতা তাকে আটক করে থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শরীফুল ইসলাম সরকার।
মোঃ মোক্তার হোসাইন মুক্তা 



















