কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান মানবপাচার ও অপহরণ প্রতিরোধে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এমপি জনাব শাহজাহান চৌধুরীর নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নেই এই ফাঁড়ির নির্মাণকাজ ও আসবাবপত্র সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে।
জানা গেছে, বাহারছড়ার দক্ষিণ অঞ্চলটি ভৌগোলিক কারণে দীর্ঘদিন ধরে মানবপাচারকারী ও অপহরণকারী চক্রের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অপরাধ দমনে এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও সরকারি আনুষ্ঠানিকতা ও বাজেট বরাদ্দের কারণে তা সময়সাপেক্ষ হয়ে উঠছিল। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থার দ্রুত উন্নয়নে এগিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
এমপির নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির নেতা-কর্মীরা এক যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের নিজস্ব আর্থিক ফান্ড গঠন করে সরকারি বরাদ্দ আসার পূর্বেই দ্রুততম সময়ের মধ্যে ফাঁড়ির অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, এলাকা থেকে মানবপাচার ও অপহরণের মতো জঘন্য অপরাধ পুরোপুরি নির্মূল করতে এই ফাঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি আমলাতান্ত্রিক জটিলতার জন্য বসে না থেকে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এমপি সাহেবের পরামর্শে বিএনপি নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব তহবিল থেকে এই কাজের উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই নির্মাণকাজ শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। তাদের মতে, ফাঁড়িটি দ্রুত কার্যকর হলে বাহাছড়ার দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















