মাননীয় প্রধানমন্ত্রী গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, বেলিয়াতোলা মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রধানমন্ত্রী গোল্ডকাপের মতো প্রতিযোগিতা সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কামরুজ্জামান।
যশোর প্রতিনিধি: 



















