জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা মিনি বেগম। এ সময় বিদ্যালয়ের পরিচালক সানাউল হক সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীরা ছড়া, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তারা অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের মানসিক ও সামাজিক বিকাশে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
-
সাদ্দাম হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ




















