মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় একটি মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে নাকি হত্যার মত একটি জঘন্যতম কাজের সাথে কেউ লিপ্ত আছে কিনা সেটি ময়না তদন্তের পর বোঝা যাবে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন নসিমন চালক।
ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রান্সফরমার চুরি করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, মরদেহটির পাশে ট্রান্সফরমার চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার 



















