নওগাঁর মহাদেবপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে ‘রাবেয়া ফুডস অ্যান্ড বেভারেজ’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরস্বতীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস নাঈম বিনতে আজিজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরস্বতীপুর বাজারে ‘রাবেয়া ফুডস অ্যান্ড বেভারেজ’ নামের ওই কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। এর মধ্যে আইস পপ, জুস, ললিপপ, ডাল ভাজা, মটর ভাজা ও বিভিন্ন ধরনের চিপসসহ নানা খাদ্যপণ্য রয়েছে। এসব খাদ্য তৈরিতে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের পাশাপাশি কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কারখানাটিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং কারখানার ভেতরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পরে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানায় থাকা বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস নাঈম বিনতে আজিজ বলেন, ‘শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ভেজাল ও অনুমোদনহীন খাদ্য উৎপাদন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
ফিরোজ আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি 



















